প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
ব্যাংক শাখার ভাড়া চুক্তি কমপক্ষে ৬ বছর, ৩ বছরে ভাড়া বাড়ানো যাবে না
শেখ মো: বেলায়েত হোসেন, বিজনেস রিপোর্টার ||
ব্যাংকের শাখা, উপশাখা ও বিভিন্ন সেবাকেন্দ্র স্থাপন এবং ভবন ভাড়ার ক্ষেত্রে নতুন সমন্বিত নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, কোনো ব্যবসায় কেন্দ্রের ভাড়ার চুক্তি কমপক্ষে ছয় বছরের হতে হবে। চুক্তির প্রথম তিন বছরে ভাড়া বাড়ানো যাবে না। এরপর ভাড়া বাড়ানো হলেও তা মূল ভাড়ার ১৫ শতাংশের বেশি হতে পারবে না। সার্ভিস চার্জও মূল ভাড়ার ১০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ ‘ব্যাংক ব্যবসা কেন্দ্র স্থাপন, স্থানান্তর, ভাড়া/ইজারা গ্রহণ ও চুক্তি নবায়ন সংক্রান্ত নীতিমালা’ জারি করে।নীতিমালা অনুযায়ী, শহরের শাখার আয়তন সর্বোচ্চ ৬ হাজার বর্গফুট এবং পল্লি এলাকার শাখার আয়তন ৩ হাজার বর্গফুট হতে পারবে। উপশাখা ১ হাজার, কালেকশন বুথ ৩৫০ এবং এটিএম বুথ ১০০ বর্গফুটের মধ্যে রাখতে হবে।নতুন শাখা, উপশাখা, কালেকশন বুথ ও ফরেন কারেন্সি এক্সচেঞ্জ বুথ স্থাপনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন লাগবে। শাখা স্থানান্তর, একীভূতকরণ, রূপান্তর বা বন্ধের ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি প্রয়োজন হবে।তবে এটিএম, সিআরএম, সিডিএম, এক মাসের কম সময়ের অস্থায়ী বুথ এবং বিমানবন্দর লাউঞ্জ স্থাপনে আগাম অনুমোদন লাগবে না। এসব ক্ষেত্রে ব্যাংকের পর্ষদ বা নির্বাহী কমিটির অনুমোদন যথেষ্ট হবে। তবে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংককে তথ্য জানাতে হবে।ভাড়া ও অগ্রিমের ক্ষেত্রেও সীমা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। মাসিক ভাড়ার সঙ্গে সমন্বয়যোগ্য অগ্রিম চুক্তির মেয়াদ অনুযায়ী ১৮ থেকে ৩০ মাসের ভাড়ার বেশি হতে পারবে না। আর ফেরতযোগ্য নিরাপত্তা জামানত সর্বোচ্চ ছয় মাসের ভাড়ার সমান হতে পারবে।নতুন শাখার অভ্যন্তরীণ সাজসজ্জায় প্রতি বর্গফুটে সর্বোচ্চ ২ হাজার ২০০ টাকা এবং স্থানান্তরিত শাখায় সর্বোচ্চ ১ হাজার ৬০০ টাকা ব্যয় করা যাবে। একই সঙ্গে নতুন শাখা খোলার ক্ষেত্রে শহর ও পল্লি এলাকার অনুপাত ৫০:৫০ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নীতিমালা লঙ্ঘন করলে ব্যাংককে বড় অঙ্কের জরিমানা করা হতে পারে। ভুল তথ্য দিয়ে অনুমোদন নেওয়া বা নিয়ম না মেনে শাখা স্থানান্তর করা হলে সংশ্লিষ্ট ব্যবসায় কেন্দ্রের অনুমোদন বাতিলের ক্ষমতাও থাকবে বাংলাদেশ ব্যাংকের।
কপিরাইট © ২০২৬ 360 News । সর্বস্বত্ব সংরক্ষিত