360 News

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের দুই নেতার জামিন, চলছে আলোচনা-সমালোচনা

ঠাকুরগাঁওয়ে হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে জামিন দিয়েছেন আদালত। তাঁদের জামিনের খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।জামিন পাওয়া দুই নেতা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটো এবং জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল। গত মঙ্গলবার টিটো এবং বুধবার আপেলকে জামিন দেন জেলা ও দায়রা জজ জামাল হোসেন।আদালত সূত্রে জানা গেছে, টিটোর বিরুদ্ধে দুটি এবং আপেলের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর এসব মামলা হয়। আদালতের আদেশ অনুযায়ী, টিটো দুটি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন। আর আপেল চারটি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত জামিন পেয়েছেন।জুলাই আন্দোলনের নেতাকর্মী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন এ জামিনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। জুলাইযোদ্ধা সংসদের আহ্বায়ক আবু রায়হান অপু অভিযোগ করেন, এ ধরনের জামিন জুলাইয়ের শহীদদের প্রতি বিশ্বাসঘাতকতার শামিল।তবে আসামিপক্ষের আইনজীবী ইমরান হোসেন বলেন, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী দুই নেতা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন এবং আদালত তা মঞ্জুর করেছেন।জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ বলেন, জামিন দেওয়ার বিষয়টি আদালতের এখতিয়ার। আর জেলা জজ আদালতের পিপি আব্দুল হালিমও বলেন, আসামিদের জামিন দেওয়া না দেওয়া সম্পূর্ণ আদালতের এখতিয়ার।

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের দুই নেতার জামিন, চলছে আলোচনা-সমালোচনা