360 News

আল-আকসায় এক দিনে ১১৪৩ ইসরাইলি বসতিস্থাপনকারীর প্রবেশ

অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে ১ হাজারের বেশি ইসরাইলি বসতিস্থাপনকারী প্রবেশ করেছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী, ওই দিন মোট ১ হাজার ১৪৩ জন ইসরাইলি আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন। ইসরাইলি বাহিনীর নিরাপত্তার মধ্যে তাঁরা মসজিদ চত্বরে প্রবেশ করে কয়েক ঘণ্টা অবস্থান করেন। এ সময় ধর্মীয় প্রার্থনা ও বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করা হয় বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।এক বিবৃতিতে জেরুজালেম গভর্নরেট বলেছে, আল-আকসা মসজিদের ঐতিহাসিক ও আইনগত মর্যাদা ঘিরে বিদ্যমান ব্যবস্থার ধারাবাহিক লঙ্ঘনের অংশ হিসেবে এসব ঘটনা ঘটছে।এদিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খালেদ মেশাল শনিবার সতর্ক করে বলেছেন, আল-আকসা মসজিদকে ঘিরে ইসরাইলের বিভিন্ন পদক্ষেপ পবিত্র স্থানটির ওপর ‘পূর্ণ নিয়ন্ত্রণ ও আধিপত্য’ প্রতিষ্ঠার পরিস্থিতি তৈরি করছে।মুসলিমদের অন্যতম পবিত্র স্থান আল-আকসা মসজিদ। একই সঙ্গে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের সবচেয়ে স্পর্শকাতর ও বিরোধপূর্ণ স্থানগুলোর একটি হিসেবেও এটি বিবেচিত হয়ে আসছে। সূত্র: আল জাজিরা

আল-আকসায় এক দিনে ১১৪৩ ইসরাইলি বসতিস্থাপনকারীর প্রবেশ