360 News

হরমুজ প্রণালি পুনরায় খোলার ভিত্তি তৈরিতে ইরান-ওমানের সমঝোতা

হরমুজ প্রণালি পুনরায় খোলার ভিত্তি তৈরিতে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হয়েছে। তবে সমঝোতা হলেও এখনই গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ খুলে দেওয়া হবে না।ইরানের আলোচনাকারী দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। সূত্রটি বলেছে, এই সমঝোতার মাধ্যমে হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে। তবে প্রণালি পুনরায় খোলার বিষয়টি নির্ভর করছে যুক্তরাষ্ট্র তেহরানের শর্তগুলো মেনে নেয় কি না, তার ওপর।সমঝোতা কার্যকর হলে ইরানের নির্ধারিত নিয়ম অনুযায়ী হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল করবে। যুক্তরাষ্ট্র যে দক্ষিণের পথটি খুলে দেওয়ার ওপর জোর দিয়েছিল, সেটি বন্ধ থাকবে। ওই পথ খোলা নিয়ে দুই পক্ষের মধ্যে বড় ধরনের মতবিরোধ ছিল। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, সোমবার ওমানে ইরাক ও উপসাগরীয় উপকূলের দেশগুলোর সঙ্গে বৈঠক করবে তারা। তবে আলোচনাকারী দলের ঘনিষ্ঠ সূত্রটি জানিয়েছে, ইরান ও ওমানের মধ্যে হওয়া সমঝোতাটি দ্বিপক্ষীয়। সূত্রটির ভাষ্য, অন্য দেশগুলোকে মূলত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ম এবং ইরান-ওমানের সমঝোতার বিস্তারিত জানানো হবে।

হরমুজ প্রণালি পুনরায় খোলার ভিত্তি তৈরিতে ইরান-ওমানের সমঝোতা