ঈদে মিলাদুন্নবী পালনে বাধা না দেওয়ার আহ্বান
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে ঈদে মিলাদুন্নবী পালনে বাধা দেওয়ার নিন্দা জানিয়ে রাসুলপ্রেমীদের নির্বিঘ্নে দিবসটি পালনের সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।শনিবার রাজধানীর আইডিইবি মিলনায়তনে আশেকে রাসুল জেনারেল অফিসিয়ালস অর্গানাইজেশন এ সেমিনারের আয়োজন করে।প্রধান অতিথির বক্তব্যে ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ, আত্মশুদ্ধি ও উত্তম চরিত্র গঠনের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, মানুষের অন্তর, চরিত্র ও আচরণে ধর্মের শিক্ষা প্রতিফলিত হলেই তা পূর্ণতা পায়।সেমিনারে বিচারপতি মো. আওলাদ আলী, বিচারপতি ড. সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, অধ্যাপক ইমেরিটাস ড. আনিসুজ্জামান, সাবেক অতিরিক্ত সচিব মো. জাকির হোসেনসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।অনুষ্ঠানে বিচারপতি, শিক্ষক, গবেষক, চিকিৎসক, সরকারি কর্মকর্তা, আইনজীবী, প্রকৌশলী ও ইসলামী চিন্তাবিদসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। সভাপতিত্ব করেন আহ্বায়ক ও সাবেক অতিরিক্ত সচিব ড. পিয়ার মোহাম্মদ।