360 News

পাল্টাপাল্টি কমিটি, মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিট বাতিল

পটুয়াখালীর মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি ইউনিয়ন কমিটি গঠনের এক সপ্তাহের মধ্যে সব ইউনিট কমিটি বাতিল ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে এসব কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী।গত ১৭ আগস্ট মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি ইউনিয়ন কমিটি গঠন করা হয়। উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোখলেস ও সাধারণ সম্পাদক নাজমুল মৃধা ছয়টি ইউনিয়ন কমিটির অনুমোদন দেন। একই দিনে সিনিয়র সহসভাপতি রাজিব হোসেনসহ সাতজনের স্বাক্ষরে পাঁচটি ইউনিয়নের পৃথক কমিটিও অনুমোদন করা হয়।একই ইউনিয়নে দুই পক্ষের কমিটি গঠনের ঘটনায় ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা হয়।এর পরিপ্রেক্ষিতে ছাত্রদলের নয় নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্যসচিব জাকারিয়া আহমেদ।পরে সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রদল চিঠি দিয়ে মির্জাগঞ্জের সব ইউনিট কমিটি বাতিল এবং সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেয়।জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী বলেন, মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছিল। বিষয়টি জানার পর আমরা দুই পক্ষকেই শোকজ নোটিশ দিয়েছি। সোমবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি এক চিঠির মাধ্যমে সব ইউনিট কমিটি বাতিল ও কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।

পাল্টাপাল্টি কমিটি, মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিট বাতিল