360 News

আবাসন খাতে স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের আবাসন শিল্পকে জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত আবাসন খাত গড়ে তুলতে সরকার স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।বুধবার সচিবালয়ে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।বৈঠকে দেশের আবাসন খাতের বর্তমান অবস্থা, পরিকল্পিত নগরায়ণের চ্যালেঞ্জ, বিস্তারিত অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়নের ফলে সৃষ্ট বিভিন্ন বাস্তব সমস্যা এবং খাতটির দীর্ঘমেয়াদি উন্নয়ন নিয়ে আলোচনা হয়।রিহ্যাবের প্রতিনিধিরা বৈঠকে জমি, প্লট ও ফ্ল্যাট নিবন্ধন ফি যৌক্তিক পর্যায়ে কমানোর দাবি জানান। একই সঙ্গে আবাসন–সংশ্লিষ্ট সরকারি সেবাগুলো সম্পূর্ণ ডিজিটাল করার ওপর গুরুত্বারোপ করেন তারা। রাজধানীর সীমিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে উল্লম্ব নগরায়ণ (ভার্টিক্যাল ডেভেলপমেন্ট) উৎসাহিত করারও প্রস্তাব দেন প্রতিনিধিরা।জবাবে প্রধানমন্ত্রী বলেন, আবাসন খাতে যাতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ না থাকে, সে লক্ষ্যে সরকার ইতিমধ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে এবং আরও কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।তিনি আরও বলেন, নগরায়ণ শুধু ঢাকা-কেন্দ্রিক হলে চলবে না। দেশের অন্যান্য অঞ্চলকেও সমান গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে উন্নয়ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কৃষিজমি সংরক্ষণের বিষয়েও গুরুত্ব দিতে হবে।  

আবাসন খাতে স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী