360 News

গজারিয়ায় নদীতে গোসলে নেমে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়ায় ফুলদী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সাত বছর বয়সী শিশু আবু বক্কর সিদ্দিকী রাফির লাশ উদ্ধার করা হয়েছে। রোববার ভোরে নদীতে তার লাশ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নতুন করে উদ্ধার অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ফুলদী নদীতে শিশুটির লাশ ভেসে ওঠার খবর পাওয়া যায়।নিহত আবু বক্কর সিদ্দিকী রাফি নড়াইল জেলার খায়রুল ইসলামের ছেলে। তার পরিবার গজারিয়া উপজেলার একটি ভাড়া বাসায় বসবাস করত।মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গতকাল শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টা ৪৮ মিনিটে গজারিয়া ফায়ার স্টেশনে খবর আসে, উপজেলার মধ্য ভাটেরচর এলাকায় ফুলদী নদীতে পাঁচ বন্ধু গোসল করতে নেমেছে। তাদের মধ্যে চারজন সাঁতরে নদী থেকে উঠে আসতে পারলেও রাফি নিখোঁজ হয়।খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে। পরে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দলও উদ্ধারকাজে যোগ দেয়। তবে শনিবার শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।রোববার সকালে নদীতে শিশুটির লাশ ভেসে ওঠার পর স্থানীয় লোকজন তা উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।

গজারিয়ায় নদীতে গোসলে নেমে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার