360 News

মধুমিতার ঢাকাই অভিষেক, শুরু হলো ‘গুলশানের চামেলী’র যাত্রা

বাংলাদেশের চলচ্চিত্রে নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ‘গুলশানের চামেলী’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো ঢাকাই সিনেমার পর্দায় হাজির হবেন তিনি।শনিবার (১ আগস্ট) রাজধানীর সোনারগাঁ হোটেলে সিনেমাটির শুভ মহরত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশের দর্শক ও নির্মাতাদের ভালোবাসায় উচ্ছ্বাস প্রকাশ করেন মধুমিতা।তিনি জানান, এত গুণী শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে কাজের সুযোগ পাওয়া তার জন্য আনন্দের। সিনেমাটির শুরুতেই যে উদ্যম তৈরি হয়েছে, তা ধরে রেখে ভালো একটি কাজ উপহার দেওয়ার প্রত্যাশা করেন তিনি।পরিচালক এমডি ইকবালের নতুন এই সিনেমায় মধুমিতা অভিনয় করবেন প্রধান চরিত্রে। এর আগে সকালে স্বামী দেবমাল্য চক্রবর্তীকে সঙ্গে নিয়ে ঢাকায় পৌঁছান এই অভিনেত্রী।‘গুলশানের চামেলী’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে একজন যৌনকর্মীর জীবনসংগ্রামকে ঘিরে। নির্মাতাদের মতে, সিনেমাটিতে দুই বাংলার পরিচিত শিল্পীদের অংশগ্রহণ থাকছে।সিনেমাটিতে অভিনয় করবেন ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার, মিশা সওদাগর, শিবা শানু, কাজী হায়াত, সুষ্মিতা সুমি, রোজিনা এবং আজমেরী হক বাঁধন।এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিতব্য সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার। তিনি বলেন, গল্প পছন্দ হওয়ার কারণেই সিনেমাটি প্রযোজনার সিদ্ধান্ত নিয়েছেন। ভালো বাজেট ও দুই বাংলার তারকাদের সমন্বয়ে সিনেমাটি নির্মাণ করা হবে।শুটিং শেষ হওয়ার পর ‘গুলশানের চামেলী’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মধুমিতার ঢাকাই অভিষেক, শুরু হলো ‘গুলশানের চামেলী’র যাত্রা