360 News

গোলাম মোস্তফা রফিক ছিলেন সকলের প্রিয় মানুষ

জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ বলেছেন, গোলাম মোস্তফা রফিক ছিলেন সবার প্রিয় মানুষ। রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক হিসেবে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দেশ ও জনগণের কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।শনিবার রাত সাড়ে ৮টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জি কে গউছ।তিনি বলেন, বিএনপির কঠিন সময়ে গোলাম মোস্তফা রফিক দলের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে হবিগঞ্জবাসী একজন গুণী, সাহসী ও নিবেদিতপ্রাণ মানুষকে হারিয়েছে। তাঁর অবদান ও স্মৃতি মানুষের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকবে।হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবালের সভাপতিত্বে শোকসভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তারা গোলাম মোস্তফা রফিকের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।শোকসভায় ‘দৈনিক প্রতিদিনের বাণী’র সম্পাদক মোহাম্মদ শাবান মিঞা, ‘আমার দেশ’-এর আবাসিক সম্পাদক অলিউল্লাহ নোমান, জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মনজুর উদ্দিন আহমেদ শাহিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ইলিয়াছ বখত চৌধুরী জালাল, কবি তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামছুল হুদা, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, কবি সিদ্দিকী হারুন ও তোফাজ্জল সোহেলসহ অনেকে বক্তব্য দেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

গোলাম মোস্তফা রফিক ছিলেন সকলের প্রিয় মানুষ