360 News

কাশ্মীরের বিতর্কিত মানচিত্র নিয়ে ভারতের দাবি নাকচ করল পাকিস্তান

জম্মু ও কাশ্মীরের বিতর্কিত মানচিত্র নিয়ে ভারতের দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বলেছেন, ভারতের একতরফা পদক্ষেপ কিংবা জম্মু ও কাশ্মীরে অব্যাহত নিয়ন্ত্রণ ওই অঞ্চলের আন্তর্জাতিকভাবে স্বীকৃত মর্যাদা পরিবর্তন করতে পারে না।সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। ভারতের ওই বিবৃতিতে বিতর্কিত জম্মু ও কাশ্মীর এবং লাদাখ অঞ্চলকে দেশটির সরকারি মানচিত্র অনুযায়ী দেখানোর আহ্বান জানানো হয়েছিল।পাকিস্তানি মুখপাত্র বলেন, জাতিসংঘের মানচিত্রে জম্মু ও কাশ্মীরকে একটি বিতর্কিত অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই অঞ্চলটির বর্তমান আইনগত অবস্থার ক্ষেত্রে জাতিসংঘের মানচিত্রই প্রাসঙ্গিক।তিনি আরও বলেন, ভারতের সরকারি মানচিত্র বা একতরফাভাবে সার্বভৌমত্বের দাবি করলেই বিতর্কিত ভূখণ্ডটির আইনগত মর্যাদায় কোনো পরিবর্তন আসে না।পাকিস্তানের দাবি, কাশ্মীর বিরোধ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এজেন্ডায় থাকা দীর্ঘদিনের অমীমাংসিত আন্তর্জাতিক বিরোধগুলোর একটি। জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাব অনুযায়ী, কাশ্মীরের চূড়ান্ত মর্যাদা ওই অঞ্চলের জনগণের অবাধ ও নিরপেক্ষ মতামতের ভিত্তিতে নির্ধারণ করা উচিত।এদিকে ভারতশাসিত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন বন্ধে ভারতকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান।এর মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদ ৪ সেপ্টেম্বর একটি নতুন বিশ্ব মানচিত্র গ্রহণের পক্ষে ভোট দিয়েছে। ওই মানচিত্রে আফ্রিকা মহাদেশকে তুলনামূলক বড় এবং উত্তর আমেরিকা ও ইউরোপকে ছোট করে দেখানো হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সূত্র: জিও নিউজ

কাশ্মীরের বিতর্কিত মানচিত্র নিয়ে ভারতের দাবি নাকচ করল পাকিস্তান