360 News

ট্রেন আছে, যাত্রীসেবা নেই: বেহাল মাছপাড়া রেলস্টেশন

রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন ধরে যাত্রীসেবার নানা সংকট চলছে। নিচু প্ল্যাটফর্ম, অযত্নে পড়ে থাকা স্টেশন ভবন, পর্যাপ্ত যাত্রীসুবিধার অভাব এবং আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা।মাছপাড়া ইউনিয়ন ও আশপাশের এলাকার মানুষের জন্য রেল যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ ও সাশ্রয়ী মাধ্যম। নকশীকাঁথা কমিউটার ট্রেন স্টেশনে থামলেও এতে আসন বরাদ্দ নেই। ফলে প্রতিদিন অনেক যাত্রীকে দাঁড়িয়ে যাতায়াত করতে হয়। এতে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের দুর্ভোগ বেশি।স্থানীয় সাংবাদিক ফরিদুল আলম ফরিদ বলেন, ট্রেনের দরজা ও প্ল্যাটফর্মের উচ্চতার মধ্যে ব্যবধান থাকায় ওঠানামার সময় যাত্রীদের ঝুঁকিতে পড়তে হয়। পাশাপাশি স্টেশনে পর্যাপ্ত আগাম ঘোষণা ও আধুনিক যাত্রী তথ্যব্যবস্থা না থাকায় ট্রেনের সময়সূচি নিয়ে যাত্রীদের বিভ্রান্তিতে পড়তে হয়।স্থানীয়দের দাবি, স্টেশনটি দ্রুত সংস্কার ও আধুনিকায়নের পাশাপাশি নিরাপদ ও উঁচু প্ল্যাটফর্ম নির্মাণ করতে হবে। একই সঙ্গে নকশীকাঁথা কমিউটার ট্রেনে আসন বরাদ্দ এবং গুরুত্বপূর্ণ কয়েকটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি চালুর দাবিও জানিয়েছেন তাঁরা।স্থানীয় বাসিন্দাদের মতে, মাছপাড়া রেলস্টেশনে প্রয়োজনীয় অবকাঠামো ও যাত্রীসেবা নিশ্চিত করা হলে পাংশা ও আশপাশের এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে।

ট্রেন আছে, যাত্রীসেবা নেই: বেহাল মাছপাড়া রেলস্টেশন