360 News

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ চুরির বিরুদ্ধে অভিযান, জরিমানা ৪ লাখ টাকা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ চুরি ও অবৈধ সংযোগের বিরুদ্ধে গভীর রাতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। অভিযানে অতিরিক্ত লোড ব্যবহার, বিদ্যুৎ চুরি ও অবৈধ সংযোগের দায়ে ছয়টি অটোরিকশার গ্যারেজের মালিককে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।রোববার দিবাগত রাত ৯টা থেকে রাত দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে অভিযানে ডিপিডিসি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।অভিযান সূত্রে জানা যায়, সিআইখোলা এলাকায় জসিম উদ্দিনের অটোরিকশার গ্যারেজে অতিরিক্ত লোড ব্যবহার এবং পাশের একটি গ্যারেজে মিটার ছাড়া অবৈধ বিদ্যুৎ সংযোগের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে অবৈধ সংযোগ নেওয়া গ্যারেজটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।বাতানপাড়া এলাকায় বিদ্যুৎ–সংক্রান্ত একই ধরনের অভিযোগে অটোরিকশা গ্যারেজের মালিক রাজাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। মজিবুর রহমানের গ্যারেজে বিদ্যুৎ চুরি ও অতিরিক্ত লোড ব্যবহারের প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয় ৫০ হাজার টাকা।এ ছাড়া গোদনাইল চৌধুরীবাড়ি এলাকায় শাকিলের তিনটি অটোরিকশার গ্যারেজে অতিরিক্ত লোড ব্যবহারের দায়ে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সব মিলিয়ে অভিযানে ছয়টি গ্যারেজ থেকে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ বলেন, বিদ্যুৎ আইনের ৩৮ ধারায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। বিদ্যুৎ চুরি রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।অভিযানে ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ (এনওসিএস) কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান, সহকারী প্রকৌশলী মো. রাহুল, উপসহকারী প্রকৌশলী মো. সানোয়ার হোসেন, মো. জাহাঙ্গীর আলম ও মো. অলিউল্ল্যাহসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ চুরির বিরুদ্ধে অভিযান, জরিমানা ৪ লাখ টাকা